নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক দিনমজুরকে রাতভর আটকে রেখে মারধর এবং দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের এক নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিআইখোলা মোড় এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পরে বিকেলে ভুক্তভোগী রফিকুল ইসলাম (২৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মারধর, অবৈধভাবে আটকে রাখা ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন—সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ (২৬), রমজান আলী (২৩), আল আমিন (২২), গোলাম কিবরিয়া জয় (২১), রবিউল ইসলাম (২৪), জাহাঙ্গীর (২৩) ও আরমান (২২)। মামলায় আরও তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, নেত্রকোনার বাসিন্দা রফিকুল ইসলাম সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার সময় সিআইখোলা বউবাজার এলাকা থেকে অভিযুক্তরা তাকে ডেকে একটি দোকানে নিয়ে যায়। সেখানে রাতভর তাকে মারধর করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
অভিযোগে আরও বলা হয়, অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে টাকা আনতে চাপ দেওয়া হলে মঙ্গলবার সকালে রফিকুল তার চাচা মো. হাদিস মিয়াকে ফোন করেন। বিষয়টি জানার পর হাদিস মিয়া পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রফিকুলকে উদ্ধার এবং সাতজনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

