নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে ফজলে রাব্বি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এস.ও রোড এলাকার উদয়ন স্মৃতি ঈদগাহ মাঠসংলগ্ন পুকুরঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলে রাব্বি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের এস.ও রোড এলাকার সুমিলপাড়ায় বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি একটি তেলের লরির হেল্পার হিসেবে কাজ করতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, রাতে হাত-মুখ ধোয়ার উদ্দেশ্যে পুকুরঘাটে গেলে অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। দীর্ঘ সময় ফিরে না আসায় সহকর্মী ও পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। পরে পুকুরের পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. আতিকুর রহমান হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

