নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট নাট্যজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানিকে সংবর্ধনা দিয়েছে শাম্মী থিয়েটার। সম্প্রতি কেন্দ্রীয় নাট্য সংস্থা (কেনাসং) নারায়ণগঞ্জের নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হওয়ায় তার সম্মানে এ বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সচল রাখতে এবং নিস্তেজ হয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে পুনরুজ্জীবিত করতে আনিসুল ইসলাম সানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নাট্যচর্চা ও সাংস্কৃতিক সংগঠনের বিকাশে তার অবদান বিশেষভাবে প্রশংসিত।
বক্তারা আরও উল্লেখ করেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি আনিসুল ইসলাম সানির দীর্ঘ রাজনৈতিক জীবনও ত্যাগ ও আদর্শের ইতিহাসে সমৃদ্ধ। তারা বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) থেকে রাজনৈতিক জীবন শুরু করেন এবং পরে বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দলের আদর্শ বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
আলোচনায় তার সততা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি তুলে ধরা হয়। বর্তমানে তিনি জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বক্তারা দাবি করেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অবদান থাকা সত্ত্বেও আনিসুল ইসলাম সানির মতো ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের যথাযথ মূল্যায়ন সবসময় হয়নি। তাদের মতে, দলের দুঃসময়ে যেসব নেতা রাজপথে সক্রিয় ছিলেন, তাদের অভিজ্ঞতা ও নেতৃত্বকে সামনে এনে সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব।
তারা আশা প্রকাশ করেন, আনিসুল ইসলাম সানিসহ দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা হলে তা শুধু তাদের প্রতি সম্মান প্রদর্শনই হবে না, বরং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
অনুষ্ঠানে উপস্থিত সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা আনিসুল ইসলাম সানির সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে তার অবদান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

