প্রাচীন ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জকে আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব মেগাসিটিতে রূপান্তরের লক্ষ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে বিশ্বের অন্যতম অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানি (সিএইচসিসি)।
বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় চায়না হারবারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এমআর কে এন্টারপ্রাইজের কর্ণধার মেহাম্মদ রফিকুল ইসলাম রাতুল, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চীনা প্রতিনিধিদলের সদস্যরা।
সভায় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনমান উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত চিকিৎসাসেবা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁর দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বেশ কয়েকটি মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে পরিবেশ সুরক্ষা ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্প, ১ হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা।
এছাড়া যানজট নিরসন ও নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে এলআরটি বা মনোরেল প্রকল্প, নগরজুড়ে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং শহরের দুই পাড়ের সংযোগ উন্নয়নে আধুনিক সেতু নির্মাণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
নারায়ণগঞ্জের উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমূলক পরিকল্পনার প্রশংসা করে চায়না হারবারের এমডি ওয়াং ডা ও ডিএমডি মাহমুদ খান জানান, এসব প্রকল্প বাস্তবায়নে তাদের প্রতিষ্ঠান কারিগরি সহায়তার পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগ ও অর্থায়নেও আগ্রহী।
সভা শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের আশা, এই সহযোগিতা বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ অদূর ভবিষ্যতে দেশের অন্যতম আধুনিক, টেকসই ও জনবান্ধব নগরী হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করবে।

