নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাইস্কুলের এসএসসি-২০০১ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘সতীর্থ-০১’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শিক্ষাগুরু সম্মাননা এবং স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর ও ১ নম্বর রেলগেট অতিক্রম করে নারায়ণগঞ্জ হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি-২০০১ ব্যাচের সময়কার জীবিত শিক্ষকদের মধ্যে ১০ জনসহ মোট ১২ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে আটজন শিক্ষক সরাসরি উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।
সম্মাননা পাওয়া শিক্ষকদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক নবদ্বীপ চন্দ্র দাস, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন এবং প্রয়াত সিনিয়র শিক্ষক মনোজ কুমার অধিকারীর পক্ষে তার দুই কন্যা মানসি অধিকারী ও মনিষা অধিকারী। এছাড়া বর্তমান অধ্যক্ষ মাহমুদুল হাসান ভুঁইয়া, সহকারী প্রধান শিক্ষক ও তৎকালীন শিক্ষক আব্দুল ওহাব, সহকারী প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন নোভেল, সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম মোল্লা, বিষ্ণুপদ ভট্টাচার্য্য ও গৌতম কুমার সাহাও সম্মাননা গ্রহণ করেন। সম্মানিত শিক্ষকদের তালিকায় আরও ছিলেন সিনিয়র শিক্ষক ফজলুল হক, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক কমলকান্তি সাহা এবং প্রাক্তন সিনিয়র শিক্ষক মুজিবুল হক কবীর।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের স্মৃতিচারণে অডিটোরিয়ামে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের কাছ থেকে এমন সম্মাননা পেয়ে শিক্ষকরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
রজতজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মো. রকিব উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আলম চৌধুরী সনেটের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সতীর্থ-০১-এর সাধারণ সম্পাদক আসিফ মতিন জনি, কোষাধ্যক্ষ সমরজিৎ চক্রবর্তী মিতুসহ আহ্বায়ক কমিটি ও সংগঠনের সদস্যরা।

