ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দীর্ঘ এক বছরেরও বেশি সময় নীরব থাকার পর আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার ঐতিহ্যবাহী ‘চুনকা কুটির’। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার হওয়ার পর একসময় জনসমাগমে মুখর এই বাড়িটি প্রায় নিস্তব্ধ হয়ে পড়েছিল। তবে গত ৩ জুন জামিনে মুক্ত হয়ে আইভী নিজ বাসভবনে ফেরার পর থেকে আবারও নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে চুনকা কুটির।
একসময় নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল চুনকা কুটির। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আনাগোনায় সরগরম থাকত বাড়িটি। রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ নানা প্রয়োজনে সেখানে যেতেন। স্থানীয় রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা অনুষ্ঠিত হতো এই বাড়িকে ঘিরে।
কিন্তু ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। দীর্ঘ সময় ধরে বাড়িটি অনেকটাই নির্জন হয়ে পড়ে। হাতে গোনা কয়েকজন স্বজন ও ঘনিষ্ঠজন ছাড়া সেখানে তেমন কাউকে দেখা যেত না। একসময় যেখানে প্রতিদিন মানুষের ভিড় লেগে থাকত, সেখানে নেমে আসে এক ধরনের নীরবতা।
পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তিনি কারাগারে থাকেন। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোতে আদালত জামিন মঞ্জুর করেন। সর্বশেষ আইনি জটিলতা কাটিয়ে ওঠার পর কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় নথি পাওয়ার পর ৩ জুন রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়। প্রায় ১৩ মাস কারাভোগের পর তিনি কারামুক্ত হন।
এরপর থেকেই চুনকা কুটিরে আবারও শুরু হয় মানুষের ঢল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতে এবং দেখা করতে আসছেন। অনেকেই ফুল দিয়ে বরণ করছেন সাবেক এই মেয়রকে। কেউ খোঁজখবর নিতে, আবার কেউ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের জন্য আসছেন।
আইভীর বাসভবনে আগতদের অনেকেই বলছেন, দীর্ঘদিন পর তাঁকে কাছে পেয়ে তারা আনন্দিত। তাঁদের মতে, আইভীর অনুপস্থিতিতে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যতা তৈরি হয়েছিল। তাঁর মুক্তির মধ্য দিয়ে সেই শূন্যতা অনেকটাই কাটতে শুরু করেছে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, আইভীর মুক্তির পর চুনকা কুটিরে মানুষের ব্যাপক উপস্থিতি তাঁর জনপ্রিয়তার একটি বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন করে আলোচনা ও সমীকরণের জন্ম দিয়েছে।
দীর্ঘ নীরবতার পর আবারও সরব হয়ে ওঠা চুনকা কুটির এখন যেন পুরনো রূপে ফিরতে শুরু করেছে। মানুষের কোলাহল, নেতাকর্মীদের আনাগোনা এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে বাড়িটি আবারও হয়ে উঠেছে নারায়ণগঞ্জের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।

