ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ সফরে এসে ঢাকা টেস্টে হেরে ব্যাকফুটে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আশা ছিল সিলেট টেস্টে জিতে সিরিজে সমতায় ফেরার। কিন্তু সিলেট টেস্টেও দারুণ খেলছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৭৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের সেঞ্চুরি আর লিটন দাস ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে ভর করে ৩৯০ রান করে বাংলাদেশ।
জয় পেতে হলে পাকিস্তানকে করতে হবে ৪৩৭ রান। নিজেদের ইতিহাস তো দূরে থাক, টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসে কখনো ৪৩৬ রান তাড়া করে জেতার ঘটনা নেই।
২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ ৪১৮ রান করেছিল ইংল্যান্ডের বিপক্ষে। এছাড়া যে তিনবার টেস্টে চার শর বেশি রান তাড়া হয়েছে, সেগুলোর সর্বশেষ ঘটনাটিও ১৮ বছর আগের। এমন পরিস্থিতিতে বোলিং দলের নির্ভার হওয়ার কথা থাকলেও বাংলাদেশ তা নয়।
সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল ইসলাম বললেন, ‘আরও একটু লম্বা করতে পারলে হয়তো দলের জন্য ভালো হতো। কারণ, উইকেট এখনো (ব্যাটিংয়ের জন্য) ভালো। আমরা যদি আরও কিছু জুটি গড়তে পারতাম, হয়তো ভালো হতো।’
তাইজুল আরও বলেছেন, ‘আমরা যদি স্কোরবোর্ডে আরও ২০-৩০-৪০ রান যোগ করতে পারতাম হয়তো দলের জন্য ভালো হতো। এখানে হতাশার কিছু নেই। কারণ, সব সময় যে ১০০% (চাওয়ামতো) হবে, এমনটাও নয়।’

