ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর চাঁদপুর সফরকে ঘিরে নারায়ণগঞ্জে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৬ মে) সকালে সড়কপথে চাঁদপুর যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবেন নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, সফরকে কেন্দ্র করে মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতি থাকবে। জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা পৃথকভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে সকাল সাড়ে ৭টা থেকে সাইনবোর্ড এলাকা থেকে মাদানীনগর মাদ্রাসা পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান নেবেন বলে জানা গেছে। একইসঙ্গে মহানগর বিএনপির নেতাকর্মীরাও মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় সংবর্ধনার প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এদিকে সোনারগাঁ উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর নেতৃত্বে কাঁচপুর ব্রিজ থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নেবেন। কাঁচপুর, মোগরাপাড়া, মদনপুর, বৈদ্যেরবাজার ও মেঘনাঘাট এলাকায় পৃথকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এছাড়া বিএনপির অন্যান্য সংসদ সদস্য ও নেতারাও নিজ নিজ অনুসারীদের নিয়ে সংবর্ধনার প্রস্তুতি নিয়েছেন। যাত্রাপথে দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় নেতারা জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান নেবেন এবং শান্তিপূর্ণভাবে সংবর্ধনা কর্মসূচি পালন করবেন।

