ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দেশকে আরও বিনিয়োগ উপযোগী ও শিল্পবান্ধব রাষ্ট্রে পরিণত করতে সরকার বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের মাধ্যমে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করা হবে।
রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়-এর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ক্রাইসিস সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। সরকার শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রসঙ্গ তুলে মাহদী আমিন বলেন, দেশের গার্মেন্টস খাত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে অবস্থান করছে। এই শিল্পকে আরও এগিয়ে নিতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ দেশের শিল্প ও টেক্সটাইল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার শিল্প-কারখানায় উৎপাদিত পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জকে শিল্প উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য মেহেদী হাসান এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।

