ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন, কেউ করছেন সামাজিক কর্মকাণ্ড, কেউবা চালাচ্ছেন নীরব কৌশলী বৈঠক। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের একাধিক প্রার্থী নিজেদের অবস্থান শক্ত করতে তৎপর হয়ে উঠেছেন।
তবে এই নির্বাচনের সবচেয়ে বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছেন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাগারে বন্দি থাকলেও বেশিরভাগ মামলায় জামিন পাওয়াতে সম্ভাবনা তৈরি হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।
সেলিনা হায়াত আইভী ২০০২ সালে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন।
২০১১ সালের ৩০ অক্টোবর নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মেয়র হিসেবে জয়লাভ করেন। ২৭ নভেম্বর তিনি বাংলাদেশের প্রথম নারী সিটি কর্পোরেশন মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন এবং ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।
২০১৬ সালের ২২ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচিত হন। ২০১৭ সালের ৫ জানুয়ারি মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন।
১৬ জানুয়ারি ২০২২ নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। ২০২২ সালের ২২ আগষ্টের প্রজ্ঞাপন অনুযায়ী সেলিনা হায়াৎ আইভী প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন।
সেই অভিজ্ঞতা এবং রাজনৈতিক দক্ষতা তাকে এখনো নির্বাচনী সমীকরণের কেন্দ্রবিন্দুতে রেখেছে। টানা সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে তিনি গড়ে তুলেছেন একটি শক্তিশালী জনভিত্তি। সাধারণ মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড তাকে আলাদা জনপ্রিয়তা এনে দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইভী যদি সকল মামলায় জামিন পেয়ে মুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন। কারণ, তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং ভোটব্যাংক এখনো দৃঢ় অবস্থানে রয়েছে।
এদিকে অন্যান্য প্রার্থীরা মাঠে সক্রিয় থাকলেও আইভীর সম্ভাব্য অংশগ্রহণ পুরো নির্বাচনের চিত্র পাল্টে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা ও রাজনৈতিক হিসাব-নিকাশ।
সব মিলিয়ে বলা যায়, আইভীর রাজনৈতিক ভবিষ্যৎ এবং তার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের চূড়ান্ত ফলাফল।

