ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে বিশনন্দী ফেরিঘাট-আড়াইহাজার সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ছিলেন। আহত দুইজনও সিএনজির যাত্রী ছিলেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা বিশনন্দী ফেরিঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমন বেপরোয়া গতিতে এসে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই শফিকুল ইসলামের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।
দুর্ঘটনার পর নসিমনের চালক গাড়িসহ পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেছে। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিতের পাশাপাশি পালিয়ে যাওয়া নসিমন চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

