ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব কায়েমপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একাধিক ঝুটের গুদাম, চায়ের দোকান, মোটরসাইকেল পার্টসের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রথমে একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের চায়ের দোকান, মোটরসাইকেল পার্টসের দোকান এবং আরও কয়েকটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে সরে যেতে ছোটাছুটি করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের ইউনিটগুলো আগুন নেভানোর কাজ চালায়।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

