ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইরানের সামরিক উপদেষ্টা এবং বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি বলেছেন, তাঁরা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আসার অপেক্ষায় রয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কথা লিখেছেন তিনি।
এক্সে রেজায়ি লেখেন, ‘বিমানবাহিনী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। তবে এটি ব্যবহার করে তারা কোনো ফল পায়নি। তখন স্থল অভিযান থেকে তারা কী আশা করছে। মার্কিন সেনারা কি ইসরায়েলের জন্য মরতে চায়? আমরা অপেক্ষা করছি।’
২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হত্যাকাণ্ডের পর দেশটির সর্বোচ্চ নেতা হয়েছেন তাঁর ছেলে মোজতবা খামেনি। সম্প্রতি নতুন সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মোহসেন রেজায়ি।
এদিকে চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও ১ হাজারের বেশি সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ থেকে বোঝা যাচ্ছে, প্রয়োজন পড়লে ইরানে স্থল বাহিনী পাঠানোর কথা ভাবতে পারে ওয়াশিংটন। যদিও এই যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

