ইরাক সীমান্ত পেরিয়ে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে প্রবেশ করে স্থল অভিযান শুরু করেছে—এমন দাবি বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উঠে এসেছে। তবে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে ইরান। তাদের মতে, এমন কোনো ঘটনা ঘটেনি এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম The Times of Israel বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে চারটার দিকে জানায়, একাধিক সূত্রের দাবি অনুযায়ী ইরাক থেকে কুর্দি যোদ্ধারা ইরানে ঢুকেছে। একই সময়ে Jennifer Griffin নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বলা হয়, মার্কিন কর্মকর্তারা Fox News-কে জানিয়েছেন যে কয়েক হাজার কুর্দি যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইরানে স্থল হামলা শুরু করেছে।
এর আগে বার্তাসংস্থা Associated Press-কে কুর্দিদের এক কর্মকর্তা জানান, তাদের কয়েক হাজার যোদ্ধা প্রস্তুত রয়েছে। প্রয়োজনে তারা যুক্তরাষ্ট্রকে স্থল অভিযানে সহায়তা করতে পারে। তার দাবি, এ ধরনের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও অনুরোধ এসেছে।
কুর্দি গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে ইরান সরকারের বিরোধী অবস্থানে রয়েছে এবং তাদের বেশ কিছু প্রশিক্ষিত যোদ্ধা রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি কুর্দি যোদ্ধারা সত্যিই বড় পরিসরে স্থল হামলা শুরু করে, তাহলে তা ইরানের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এমন পরিস্থিতিতে সরকারকে চাপে ফেলার কৌশল হিসেবে বিরোধী শক্তিকে রাজপথে নামানোর চেষ্টা করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে কুর্দিস্তান ফ্রিডম পার্টির নেতা Khalil Naderi বলেছেন, তাদের যোদ্ধারা ইরান সীমান্তের কাছাকাছি ইরাকের সুলাইমানিয়াহ অঞ্চলে অবস্থান করছে এবং প্রয়োজন হলে তারা অভিযানের জন্য প্রস্তুত।
উল্লেখ্য, ইরাকের কুর্দিস্তান অঞ্চলটি একটি আধা-স্বায়ত্তশাসিত এলাকা যেখানে প্রধানত কুর্দিদের বসবাস। একই সঙ্গে ইরানের বিভিন্ন এলাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক কুর্দি জনগোষ্ঠী রয়েছে।

