ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অগ্নিগর্ভে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। প্রিয় নেতা হত্যার বদলা নিতে ইরানের বিপ্লবী বাহিনী রবিবার রাত থেকে ইসরাইল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ইরাক, ওমান, কাতার ও সাইপ্রাসে মুহুর্মুহু হামলা চালায়।
ইসরাইল-যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন টার্গেটে হামলা চালাচ্ছে। ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাসহ দেশটির একাধিক স্থানে হামলা হয়েছে বলে অভিযোগ তেহরানের। সোমবার জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এ তথ্য জানান।
ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৩৫ সদস্যের বোর্ড অব গভর্নরসের বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইরানের প্রতিনিধি রেজা নাজাফি বলেন, ইরানের শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার আওতাধীন পারমাণবিক স্থাপনা নাতাঞ্জে হামলা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছি কি না তা আপাতত পরিষ্কার হওয়া যায়নি। খবর আলজাজিরা, বিবিসি ও তেহরান টাইমস অনলাইনের।
জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, সাম্প্রতিক মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো কিছুর ইঙ্গিত তারা পাননি।
তিনি জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, তেহরান গবেষণা রিঅ্যাক্টর বা অন্যান্য পারমাণবিক জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো লক্ষণ নেই।
সংস্থাটির গভর্নর বোর্ডে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আইএইএ ইরানের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল, তবে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের তৃতীয় দিন সোমবার ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেন, যেকোনো মূল্যে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। এক বার্তায় তিনি বলেন, ইরান তার জাতীয় নিরাপত্তা ও ঐতিহ্য রক্ষায় কোনো আপস করবে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী প্রধান আলী লারিজানি এক্সে দেওয়া ইংরেজিতে এক পোস্টে লিখেছেন, আমরা যে কোনো মূল্যে নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের পুরানো সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব। শত্রুুরা তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হবে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও দেশটির বিমানবাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে সোমবার হামলা করে ইরানের বিপ্লবী বাহিনী। শুধু তাই নয় ইসরাইলের রাজধানী তেলআবিবের একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
সোমবার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী বাহিনী জানায়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। হামলায় ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এটি নির্ভুলভাবে টার্গেটে হামলা করতে সক্ষম হয়। কুয়েতে মার্কিন বিমান বাহিনীর অন্তত তিনটি জঙ্গী বিমান ধ্বংস হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী ভুলবশত তিনটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধবিমানের ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন, তাদের উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। কুয়েতও এই ঘটনা স্বীকার করেছে।
এতে আরও বলা হয়েছে, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্র তা প্রকাশ করা হবে। ইরানে চার সপ্তাহ হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। সোমবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে হামলা ৪ সপ্তাহ চলতে পারে। তিনি বলেন, এটি ৪ সপ্তাহের কাজ। আমরা ৪ সপ্তাহের মতো সময় লাগার কথা বিবেচনায় রেখেছি। আয়তনের দিক থেকে ইরান অনেক বড় দেশ। সেখানে ৪ সপ্তাহ বা কিছুটা কম সময় লাগতে পারে বলে উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভুল করে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে।
সোমবার সেন্টকম জানায়, বিধ্বস্ত তিনটি বিমানের ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
শনিবার ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়ার পর এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হল। এই ঘটনা উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কুয়েত সরকার এই অনাকাক্সিক্ষত ঘটনার কথা স্বীকার করেছে এবং এর কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি তদন্ত শুরু হয়েছে। কুয়েতের আল জাহরা এলাকায় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, সোমবার ভোরে একটি মার্কিন যুদ্ধবিমান আকাশ থেকে নিচে পড়ছে। ভিডিওতে একজনকে প্যারাসুট নিয়ে নিচে নামতেও দেখা গেছে।
হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।
রবিবার ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছিল বলে জানিয়েছিল রেড ক্রিসেন্ট। ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে।
ইরানে মার্কিন অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ইরানে মার্কিন স্থলবাহিনী নেই। তবে তিনি ভবিষ্যতে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি।
তিনি বলেন, মার্কিন স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন ততদূর পর্যন্ত যাবে। মার্কিন লক্ষ্য অর্জনে তারা কী পদক্ষেপ নিতে পারেন, তা শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না।
মার্কিন প্রতিরক্ষা বলেন, ইরানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী ধ্বংস করা। একই সঙ্গে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন, ‘এটি (ইরান) ইরাক নয়। এটি (যুদ্ধ) অন্তহীন কোনো বিষয় নয়।’
ইসরাইল জানিয়েছে, তাদের বাহিনী ‘লেবানন জুড়ে’ হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।
সোমবার এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী এ কথা জানিয়ে বলেছে, এ বিষয়ে ‘বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ইসরাইলের হামলায় লেবাননের রাজধানী বৈরুতের ওপর ধোঁয়ার কু-লী দেখা যাচ্ছে।
ওদিকে ইরানে মার্কিন-ইসরাইল হামলার পর ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। সোমবার প্রকাশিত রয়টার্স/ইপসোস-এর জরিপে দেখা গেছে, মাত্র এক-চতুর্থাংশ মার্কিন নাগরিক ইরানে এই হামলার সমর্থন করছেন। জরিপে অংশগ্রহণকারীরা মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতির নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার সতর্ক করে বলেছিলেন যে, হামলা অব্যাহত থাকলে মার্কিন সেনা হতাহতের সংখ্যা বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে এই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা যুক্তরাষ্ট্রে ইরানে হামলার পক্ষে জনসমর্থন আরও কমিয়ে দিতে পারে।
গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করল কাতার
কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোন কোম্পানির দুটি স্থাপনায় আঘাত হানার পর সোমবার ওই ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার এক বিবৃতিতে কাতার এনার্জি বলেছে, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতার এনার্জির পরিচালনা কেন্দ্রগুলোতে সামরিক হামলা হয়েছে। যে কারণে কাতার এনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।
কাতার এনার্জি বলেছে, ইরানের ছোড়া একটি ড্রোন মেসাইদ এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাঙ্কে আঘাত হেনেছে এবং অন্যটি রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতার এনার্জির একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। কাতার গ্যাস উৎপাদন বন্ধ করায় গ্যাসের দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে।
ইসরাইল ও সৌদি আরবের চাপেই ইরানে হামলা
ইসরাইল ও সৌদি আরবের চাপেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। স্যান্ডার্স সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইসরাইল ও সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলা চালাতে চাপ দিয়েছে।
তিনি লিখেছেন, নেতানিয়াহু গাজায় ৭২ হাজার মানুষকে হত্যা করেছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। সৌদি আরব একটি নির্মম একনায়কতান্ত্রিক রাষ্ট্র, যেখানে কোনো বিরোধী মতের স্থান নেই। এসব নেতারাই ইরানে ‘স্বাধীনতা’ আনতে চায়? কেউ কি সত্যিই এটা বিশ্বাস করে?
বাতিল হাজার হাজার ফ্লাইট
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা আক্রমণের জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত অচল হয়ে পড়েছে। বিশ্বের অন্যতম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ উপসাগরীয় অঞ্চলের প্রধান প্রধান বিমানবন্দরগুলো গত দুই দিন ধরে বন্ধ থাকায় বিশ্বজুড়ে বিমান চলাচলে চরম বিপর্যয় নেমে এসেছে। খবর আলজাজিরা অনলাইনের।
শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে এই অঞ্চলে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাই বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আবুধাবি ও কুয়েত বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক এয়ারলাইন এমিরেটস আগামী সোমবার পর্যন্ত দুবাই থেকে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। কাতার এয়ারওয়েজও তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। জার্মানির লুফথানসা আগামী ৮ মার্চ পর্যন্ত এই অঞ্চলের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
ফ্লাইট রাডার২৪ জানিয়েছে, বর্তমানে ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের আকাশপথে কোনো বিমান চলাচল করছে না। ইরানের আকাশসীমা ৩ মার্চ সকাল পর্যন্ত বন্ধ রাখার কথা থাকলেও পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই সংকটের প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে।
ইন্দোনেশিয়ার বালি, নেপালের কাঠমান্ডু ও জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। ভারতের এয়ার ইন্ডিয়া দিল্লি, মুম্বাই ও অমৃতসর থেকে ইউরোপ ও উত্তর আমেরিকার ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হয়েছে। বিমান চলাচল বন্ধের পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধি এয়ারলাইনগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্টক্রুড তেলের দাম ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ ডলারে পৌঁছেছে।

