ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট থেকে বেরিয়ে এসেছে। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোট বা সমঝোতায় অংশ নেওয়া হবে না। পরিবর্তে তারা এককভাবে ২৬৮টি আসনে মনোনয়ন জমা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। যেখানে নিজেদের প্রার্থী থাকবে না, সেসব আসনে তারা সমর্থন দেবে শুধুমাত্র এমন প্রার্থীকে, যাদের নীতি ও আদর্শ দলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, একবার জোট থেকে বের হয়ে তারা আর ফিরে যাবে না। ‘হাতপাখা’ প্রতীকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে। সমঝোতা বা অন্য জোটের ফাঁদে ফেরার কোনো পরিকল্পনা নেই।
গত শনিবার জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, ইসলামী আন্দোলনের জোটবর্জনের সিদ্ধান্ত মূল্যায়ন করে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াতে ইসলামি। অন্যদিকে, জোটের আরেক অংশীদার এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ আশাবাদী ছিলেন যে দলটি জোটে ফিরে আসতে পারে।
তবে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান স্পষ্ট করেছেন, ‘এই মুহূর্তে কোনো সমঝোতার সম্ভাবনা নেই। আসলে আমরা কোনো জোট করিনি, তাই ফিরবার কথাও নেই।’
এতে পরিস্কার হয়ে গেল যে, আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে অংশগ্রহণ করবে, আর জোটের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না।
নির্বাচনে আর জোটে যাবে না ইসলামী আন্দোলন
Leave a Comment

