ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেছেন, “এবারের নির্বাচনে পুলিশের ভূমিকার উপর নির্ভর করবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি।সাধারণ জনগণের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা বাড়াতে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের ২৪তম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সকল কথা বলেন।
১০ জানুয়ারি (শনিবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের ২৪তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। পুলিশ সুপার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন), জনাব ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

