ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রবাসী ভোটে অংশগ্রহণের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট নিবন্ধন করেছেন ১২ লাখ ১৮ হাজার ৮৯৩ জন। এর মধ্যে ৫ লাখ ৩০ হাজার ৭৫৩ জন বাংলাদেশে থাকেন, বাকিরা বিভিন্ন দেশের প্রবাসী ভোটার। নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৭৫৩ জন, পুরুষ ভোটার ১০ লাখ ৫২ হাজার ১৩৮ জন। নির্বাচিত প্রবাসীদের ঠিকানায় নির্ধারিত সময়ে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। প্রবাসী ভোটার ছাড়াও আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন। তবে এ জন্য আগে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক।
নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় গত ১৯ নভেম্বর এবং চলবে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর আগে শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, তবে ৩০ ডিসেম্বর বিকেল ৩টার পর এক প্রেসব্রিফিংয়ে ইসি ঘোষণা করে সময় বৃদ্ধি করা হয়েছে।
নিবন্ধন চলমান দেশগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি। নিবন্ধনকারীরা ঠিকানায় পোস্টাল ব্যালট পাবেন এবং ভোট দেওয়ার পর তা রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন।
ইসি জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন করতে তারা ৫০ লাখ প্রবাসী ভোটারকে টানার লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে।

