যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। সংস্থাটির অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত এনএসএনেট নামের এই নেটওয়ার্কে সমস্যা দেখা দেওয়ায় কর্মীদের কার্যালয়ে আসার সময়ও পরিবর্তন করা হয়।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ছয়টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সূত্রগুলো বলেছে, নেটওয়ার্কটি অচল হওয়ার পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এনএসএনেটের মাধ্যমে সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদান করেন। নেটওয়ার্কটিতে সমস্যা দেখা দেওয়ার পর এর কারণ ও প্রভাব খতিয়ে দেখতে কাজ শুরু করে এনএসএ।
এসময় জরুরি দায়িত্বে না থাকা কর্মীদের ধাপে ধাপে কার্যালয়ে আসার নির্দেশ দেওয়া হয়। তবে, গত মঙ্গলবার সন্ধ্যায় কর্মীদের আবার স্বাভাবিক সময়সূচিতে কাজে যোগ দিতে বলা হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন জানিয়েছেন, সফটওয়্যারের বড় ধরনের কিছু নিরাপত্তা ত্রুটি সারাতে হালনাগাদ সংস্করণ যুক্ত করার সময় এ সমস্যা দেখা দেয়।
গত মাসে এসব ত্রুটি শনাক্ত হয়েছিল। সেগুলো ঠিক করতে সফটওয়্যার প্যাচ প্রয়োগের পর কিছু ব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী চালু হয়নি।
ক্লেটনের উল্লেখ করা নিরাপত্তা ত্রুটিগুলো পিএইচপি প্রোগ্রামিং ভাষার সঙ্গে সম্পর্কিত। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে এই ভাষা ব্যবহার করা হয়।
এসব ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। এমনকি, পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্যও হাতিয়ে নিতে পারে তারা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় গবেষকেরা এসব দুর্বলতা কাজে লাগানোর পদ্ধতি শনাক্ত করার পর বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান নিরাপত্তা জোরদারে তৎপর হয়।
তবে ক্লেটন জানিয়েছেন, এনএসএর নেটওয়ার্কসহ সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়গুলোর পেছনে সাইবার হামলার কোনো লক্ষণ পাওয়া যায়নি।
এদিকে, এনএসএনেটে সমস্যা হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠানোর কাজে বিঘ্ন ঘটেনি।
যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বিকল্প যোগাযোগব্যবস্থা থাকায় প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদ যোগাযোগ বজায় রাখা সম্ভব বলে মনে করেন তারা।
অন্যদিকে এনএসএ জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় তাদের কিছু অভ্যন্তরীণ ব্যবস্থায় সাময়িক সমস্যা দেখা দিয়েছিল।
তবে, জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল রয়েছে। নেটওয়ার্কটি পুরোপুরি স্বাভাবিক হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে যুক্তরাষ্ট্রে বিমান চলাচল, মাইক্রোসফটের বিভিন্ন সেবা এবং ব্যাংকিং ব্যবস্থায়ও বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা গেছে। তবে, এসব ঘটনার কোনোটির সঙ্গেই সাইবার হামলার যোগসূত্র পাওয়া যায়নি বলে জানানো হয়।
সূত্র: সিএনএন

