ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটবম: মহান বিজয় দিবসের গৌরবোজ্জ্বল মুহূর্তে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশি মশিউর রহমান রনি।
সোমবার (১৫ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাঙালির চিরগৌরবের দিন আজ। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। জাতি আজ একই সঙ্গে যুদ্ধ জয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে উদ্যাপন করবে ৫৫তম বিজয় দিবস।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার সেনারা নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর ট্যাংক, কামান, মেশিনগানের মতো ভয়ংকর সমরাস্ত্র নিয়ে গণহত্যায় মেতে ওঠে। নিজ দেশের মানুষের ওপর নিজেদের সেনাবাহিনীর এমন ঘৃণ্য গণহত্যা ছিল ইতিহাসে বিরল।
পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরুর পর থেকেই বাংলার বীর সন্তানেরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে স্বাধীনতার জন্য মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের শেষ ৩০ লাখ শহীদের রক্ত, দুই লাখ মা-বোনের সম্ভ্রম ও বিপুল সম্পদহানির ভেতর দিয়ে আসে চূড়ান্ত বিজয়।
মশিউর রহমান রনি বলেন, দিনটি আমাদের জাতীয় গৌরবের প্রতীক, স্বাধীনতার চূড়ান্ত সাফল্যের স্মারক। স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
’শুভেচ্ছা বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সংগঠক, শহীদ পরিবার এবং মহান বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখা সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

