ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে আরেকটি তদন্ত কমিশন গঠনের কথা বলা হয়েছে এবং তা সরকারের নির্বাচনি ইশতেহারেও রয়েছে। কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার বিকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মন্ত্রী বলেন, সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বিডিআর বিদ্রোহের ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত করা হবে।
৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, কিছু ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তি, ব্যবসায়ী, সমাজের বিশিষ্টজন ও সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে পুলিশকে এসব মামলা যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ অযথা ভোগান্তিতে না পড়েন।
অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্সগুলো যাচাই করে অযোগ্যদের লাইসেন্স বাতিল করা হবে। জুলাইয়ের আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি উল্লেখ করে তিনি বলেন, এসব অস্ত্র অবৈধ হিসেবে বিবেচিত হবে এবং যথাযথ প্রক্রিয়ায় উদ্ধার করা হবে।
মন্ত্রী বলেন, দেশে ‘মব কালচার’ বরদাস্ত করা হবে না। দাবি আদায়ে মহাসড়ক অবরোধ বা সহিংসতার পরিবর্তে বৈধ পন্থা অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, বিগত সময়ে রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কারের মাধ্যমে বাহিনীর মনোবল বাড়ানো হবে এবং পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। একইসঙ্গে জনগণ যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হবে। জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
পাসপোর্ট সেবায় ভোগান্তি নিরসনে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পাসপোর্ট অফিসের সামনে দালালচক্রের তৎপরতা রোধে সংশ্লিষ্টদের তালিকাভুক্ত করে জবাবদিহিতার আওতায় আনার চিন্তাভাবনা করা হচ্ছে। ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ২০০৬ সালে নিয়োগবঞ্চিত এসআইদের বিষয়ে তদন্ত করে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে পুলিশ সুপারদের (এসপি) প্রটোকল দেওয়ার ক্ষেত্রে বিধির বাইরে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ওসি ও এসপি পদায়নে লটারি পদ্ধতি বাতিল করে যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রধানরা।

