ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এ সময় উপস্থিত ছিলেন- জেলার স্থানীয় সরকার নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিফাত উদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা, সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারাযণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, রিয়াজুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া,সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হবে।

