ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া পোস্টাল ব্যালট ভোট গণনায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পেপার দেশে না পৌঁছালে সংশ্লিষ্ট ভোটগুলো বাতিল বলে গণ্য হতে পারে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এর মধ্যে পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছাতে ব্যর্থ হলে তা ভোট গণনায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের বিশেষায়িত অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’-তে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কতা জানানো হয়।
ইসি সূত্র জানায়, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হলেও এ ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা মেনে চলা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে প্রবাসী ভোটারদের অনুরোধ জানানো হয়েছে, ভোট প্রদান শেষে সাদা রঙের ব্যালট খাম ও প্রয়োজনীয় ঘোষণাপত্র যথাযথভাবে পূরণ করে হলুদ খামে সংযুক্ত করে দ্রুততম সময়ে নিকটস্থ ডাকঘরে জমা দিতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ ফেব্রুয়ারির মধ্যে কোনো ব্যালট বাংলাদেশে পৌঁছাতে না পারলে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো সম্ভব হবে না।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পেপার পৌঁছাতে ব্যর্থ হলে সেই ব্যালট ভোট গণনার বাইরে রাখা হবে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ডাকযোগে ব্যালট পাঠানোর জন্য নির্বাচন কমিশন বিশেষ তাগিদ দিয়েছে।

