ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সামাজিক বৈষম্য দূর করার প্রত্যয়ে নারায়ণগঞ্জে পৃথকভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন চর্মকার সম্প্রদায়ের সদস্যরা। নগরীর চাষাঢ়া হকার্স মার্কেটের পেছনে রবিদাস পাড়া এলাকায় টানা পাঁচ বছর ধরে এ পূজার আয়োজন করা হচ্ছে। বরাবরের মতো এবারও আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রবিদাস পাড়ার মাঠে চর্মকার সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব প্রাণ গোপাল দাস, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ একানন্দ মহারাজ ও মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। পূজা-অর্চনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে চর্মকার সম্প্রদায়ের সদস্যদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে উপহারসামগ্রী তুলে দেন খোরশেদ।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, অতীতে বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা থেকে চর্মকার সম্প্রদায়ের সদস্যরা নিজেদের উদ্যোগে আলাদাভাবে দুর্গাপূজার আয়োজন শুরু করেন। এ ক্ষেত্রে খোরশেদের সহযোগিতা তাঁদের আয়োজন অব্যাহত রাখতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সম্প্রদায়ের নেতারা।
অনুষ্ঠানে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। বাংলাদেশের প্রত্যেক ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।”
তিনি আরও বলেন, সমাজের কোনো মানুষ যেন আর্থিক অসচ্ছলতা কিংবা সামাজিক পরিচয়ের কারণে ধর্মীয় উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন। এ জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
উপহারসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে চর্মকার সম্প্রদায়ের নেতা নারায়ণ রবিদাস বলেন, “আগে আমাদের সম্প্রদায়ের লোকজন বিভিন্ন পূজামণ্ডপে গেলে বৈষম্যের শিকার হতেন। এমন পরিস্থিতিতে ১৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ আমাদের পাশে এসে দাঁড়ান। তাঁর সাহস ও প্রত্যক্ষ সহযোগিতায় চলতি বছরসহ টানা পাঁচ বছর ধরে আমরা আলাদাভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারছি।”
তিনি জানান, নিজেদের ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও আনন্দের সঙ্গে উদযাপন করতে পারা তাঁদের সম্প্রদায়ের সদস্যদের জন্য আনন্দের বিষয়। এ আয়োজনের মধ্য দিয়ে তাঁরা নিজেদের ধর্মীয় ঐতিহ্য ও সামাজিক বন্ধন ধরে রাখার চেষ্টা করছেন।
নারায়ণগঞ্জের রবিদাস পাড়ায় চর্মকার সম্প্রদায়ের এই দুর্গোৎসব ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক মর্যাদা, অংশগ্রহণের অধিকার ও সম্প্রীতির বিষয়টিও সামনে নিয়ে এসেছে। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও সবার সহযোগিতায় এ আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. আশিষ কুমার দে, অ্যাডভোকেট মনিকা দেবী, নারায়ণ রবিদাস, বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, নাজমুল কবির নাহিদ, শওকত খন্দকার, আনিসুর রহমান নিক্সন, আফজাল হোসেন, রানা মুন্সি, মনির আহমেদ রাসেল, মো. মিঠু, মো. মুসা, মো. ইমন, কুতুবউদ্দিন, মাসুদ খন্দকার, রাজিব মিয়াসহ পূজা উদযাপন কমিটির সদস্যরা।

