ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পাওয়া জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মনির হোসেন কাসেমী প্রশাসনের প্রতি সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এদিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মনির হোসেন কাসেমী বলেন, নির্বাচনের আগে সন্ত্রাসীদের গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, “সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, যারা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে। এমন সন্ত্রাসীদের নির্বাচনের আগেই গ্রেপ্তার করতে হবে। নির্বাচনের পরে আদব-কায়দা শিখিয়ে ছেড়ে দিলেও আপত্তি নেই। কিন্তু নির্বাচনকালীন সময়ে যেন তারা কোনোভাবেই সমাজে বিচরণ করতে না পারে। এই কাজ করতে গিয়ে যেন নির্দোষ মানুষ আইনের প্যাঁচে পড়ে জেল না খাটে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র কোনো একটি দলের সঙ্গে সংশ্লিষ্ট বলেই সেই দলের সবাইকে ধরে ফেলা গ্রহণযোগ্য নয়। সন্ত্রাসী গ্রেপ্তারের নামে ভুয়া মামলা দিয়ে গ্রেপ্তার আমরা চাই না।”
তিনি বলেন, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম ও কালো টাকার প্রভাব পরিলক্ষিত হচ্ছে। প্রশাসন চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এসব নিয়ন্ত্রণে আনতে পারে। নির্বাচনকে যেন অর্থের খেলায় পরিণত করা না হয়, সে জন্য প্রশাসনকে কঠোর নজরদারি করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা।

