বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ দীর্ঘদিনের। বিষ্ণোই গ্যাংয়ের হুমকির কারণে তার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে তার বাড়ির সামনে একাধিকবার হামলার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতেও ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশে কার্পণ্য করেন না এই অভিনেতা। এবার কড়া নিরাপত্তার মধ্যেই এক খুদে ভক্তের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের কারণে প্রশংসায় ভাসছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় নিজের আগামী সিনেমা ‘মাতৃভূমি’র প্রচারসংক্রান্ত কাজ শেষে ফিরছিলেন সালমান। এ সময় তার সঙ্গে ছিলেন সিনেমার সহঅভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় চারপাশে ছিল কড়া নিরাপত্তা। দূর থেকে পাপারাজ্জিরা তাদের ছবি তুলছিলেন।
এ সময় হঠাৎই এক খুদে ভক্ত সালমানের সঙ্গে দেখা করার আবদার জানায়। শিশুটির ডাক শুনে তাকে কাছে ডেকে নেন অভিনেতা। প্রিয় তারকার ডাক পেয়ে দৌড়ে তার কাছে চলে যায় শিশুটি।
এরপর কিছুক্ষণ খুদে ভক্তের সঙ্গে কথা বলেন সালমান। একপর্যায়ে শিশুটির কপালে চুমু এঁকে দেন তিনি। প্রিয় তারকার সঙ্গে দেখা করার পাশাপাশি তার কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে শিশুটি। সালমানের সঙ্গে কাটানো এই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
অভিনেতার এমন আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার প্রশংসা করছেন। একজন লিখেছেন, ‘তার হৃদয় পুরোপুরি সোনার।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এখান থেকেই বোঝা যায়, তিনি কত বড় মনের মানুষ।’
এদিকে সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ সিজন ৯’-এ অংশ নিয়ে ব্যক্তিগত জীবনের একটি ইচ্ছার কথা জানিয়েছেন সালমান। সেখানে তিনি বলেন, সন্তান চান তিনি। তার মতে, সন্তান থাকলে কখনো একাকিত্ব অনুভব করার কথা আসে না।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার অভিনীত ‘মাতৃভূমি’ সিনেমাটি। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার ও গান। ২০২০ সালে সংঘটিত গালওয়ান সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। শুরুতে এর নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। কয়েক দফা মুক্তির পরিকল্পনা পিছিয়ে যাওয়ার পর অবশেষে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে।

