নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পার্কিং করে রাখা একটি মিনিট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ভুইঘর কাজীপাড়া এলাকার বাইতুল রাইয়ান জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের দিক থেকে আসা একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মিনিট্রাকটির ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। বিষয়টি দূর থেকে দেখতে পেয়ে কয়েকজন পথচারী তাদের আটকানোর চেষ্টা করেন। তবে পথচারীরা এগিয়ে আসার আগেই মোটরসাইকেল নিয়ে সাইনবোর্ডের দিকে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি।
পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
ঘটনার খবর পেয়ে ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সাজ ঘটনাস্থলে যান। তিনি জানান, খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন স্থানীয়রা ইতোমধ্যে আগুন নিভিয়ে ফেলেছেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

