নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিসের মহানগর শাখা। সমাবেশ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় নগরীর ২ নম্বর রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন নেতারা।
সমাবেশে এবিএম সিরাজুল মামুন বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে, ইনশাআল্লাহ।
তিনি অভিযোগ করেন, গত কিছুদিন ধরে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে। এসব ঘটনায় মানুষের প্রাণহানি এবং রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সিরাজুল মামুন বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। জনগণ তাদের আর রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না। তাদের ফিরে আসার স্বপ্ন বাস্তবায়িত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলসংক্রান্ত বক্তব্যের অভিযোগ তুলে তিনি বলেন, ভারতের মন্ত্রীদের বক্তব্য এবং বাংলাদেশের অভ্যন্তরে তাঁদের কথিত সমর্থকদের কর্মকাণ্ডের বিষয়ে জনগণ সচেতন রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকালে এ দেশের মানুষ তা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তারা এখনো দেশের মাটিতে রয়েছেন। হত্যা, গুম ও ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি বাংলাদেশে হতে দেওয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতে যেকোনো সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
মহানগর সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, সাইফুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহসাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতি আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, বন্দর থানা সভাপতি মুফতি আবুল কাসেম, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতি তৌফিক বিন হারিছ ও ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

