সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রূপগঞ্জে ‘দাদা এমদাদ’ নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, অর্থ পাচার, প্রতারণা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করেন এমদাদুল হক। এ সময় ক্ষমতার প্রভাব কাজে লাগিয়ে রূপগঞ্জে জমি দখল, প্লট বাণিজ্য, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
এ ছাড়া অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে নিজ জেলা সিরাজগঞ্জের শাহজাদপুর এবং রাজধানী ঢাকায় বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এমদাদুল হকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে ২০২৫ সালের ১১ ডিসেম্বর গোলাম দস্তগীর গাজী ও তাঁকে আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রূপগঞ্জ থানায় দায়ের করা ওই মামলায় প্রায় ৮৭ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।
সিআইডির অনুসন্ধান অনুযায়ী, ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২০ জুলাই পর্যন্ত সংঘবদ্ধভাবে প্রতারণা, চাঁদাবাজি ও জাল দলিল তৈরির মাধ্যমে ১৬ জনের মালিকানাধীন ২ হাজার ৪০১ দশমিক ৪৬ শতাংশ জমি অবৈধভাবে দখল ও হস্তান্তরের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। এসব জমির সরকারি বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৬ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৬৪৪ টাকা।
এদিকে, ২০২৪ সালের আগস্টে রূপগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও এমদাদুল হকসহ ৮৮ জনের বিরুদ্ধে মামলা করেন বিএনপি নেতা বাবুল শিকদার।
এ ছাড়া চনপাড়া এলাকায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে নূরুন্নাহার বেগম নামে এক নারীর দায়ের করা মামলাতেও আসামি করা হয় এমদাদুল হককে।
দীর্ঘদিন ধরে রূপগঞ্জের রাজনৈতিক ও স্থানীয় অঙ্গনে আলোচিত এমদাদুল হকের গ্রেপ্তারের ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া এখন কোন দিকে যায়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল রয়েছে।

