‘এক লাইনে যদি গল্পটা বলি, তাহলে এটা প্রেমের গল্প, প্রতিশোধের গল্প,’ নিজের প্রথম ছবি নিয়ে বলছিলেন গোলাম হায়দার কিসলু। দুই দশকের বেশি সময় ধরে বিজ্ঞাপনচিত্র বানানোর পর অবশেষে পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণে হাত দিয়েছেন। ছবিটির নাম হবে ‘মস্তান’। এতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, তমা মির্জা ও সামিরা খান মাহি। এই সিনেমা দিয়েই প্রথমবার বড় পর্দায় নাম লেখাবেন ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি।
‘মস্তান’ ছবিটি নিয়ে পরিচালক গোলাম হায়দারের সঙ্গে কথা হয় গত বুধবার। তিনি জানান, ২৫ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হবে।
জানা গেছে, গল্পের প্রয়োজনে পাহাড়ি এলাকায় ছবিটির শুটিং করা দরকার, তাই চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পুরো ছবির শুটিং হবে। এতে বাংলাদেশের সিনেমায় লোকেশনেরও একটা বৈচিত্র্য মানুষ দেখতে পাবেন। শুটিং লোকেশন রেকি করতে বর্তমানে রামগড় এলাকায় রয়েছেন এই নির্মাতা। সেখানকার কাজ শেষে কাপ্তাই ও রাঙামাটির বিভিন্ন এলাকায় টানা শুটিং করার পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, ‘মস্তান’ ছবির কাহিনি ও চিত্রনাট্যও পরিচালকের লেখা। গল্পের বিস্তারিত এখনই জানাতে চাননি তিনি। পরিচালক জানান, ‘প্রত্যেক পরিচালকই অভিনয়শিল্পীকে নতুনভাবে পর্দায় উপস্থাপন করতে চান। আমার চাওয়াও তা–ই। আমার চরিত্রগুলোর ভাবনাচিন্তা অন্য রকম। চরিত্রের উপযোগী করে তাঁদের দেখাতে চাই।’
‘মস্তান’ দিয়ে বড় পর্দায় সামিরা খান মাহির অভিষেক হতে যাচ্ছে। ছোট পর্দার এই অভিনেত্রী এখন পুয়ের্তো রিকোয় চলমান মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। সেখান থেকেই নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি। বড় পর্দায় প্রথম কাজ, তার ওপর চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও তমা মির্জার মতো অভিনয়শিল্পীদের সঙ্গে পর্দা ভাগাভাগি—সব মিলিয়ে নতুন অভিজ্ঞতার অপেক্ষায় মাহি।
বললেন, ‘অনেক দিন ধরে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছিলাম। কেন জানি মনে হচ্ছিল, যে ধরনের গল্পে আমি কাজ করতে চাই, সেটার দেখা পাচ্ছিলাম না। এই ছবি নিয়ে প্রথম যখন কথা হয়, তখনই ভালো লাগে, তাই আর খুব একটা দেরি করিনি।’
সর্বশেষ ছবি ‘মালিক’ প্রত্যাশিত সাফল্য না পেলেও নতুন সিনেমা নিয়ে আলোচনায় আরিফিন শুভ। তাঁর অভিনীত ‘ঠিকানা বাংলাদেশ’ নামের আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘মস্তান’-এ তাঁকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে, তা অবশ্য এখনো জানাননি নির্মাতা।
চঞ্চল চৌধুরী বর্তমানে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘আবার দেখা হলে’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। বুধবার চঞ্চল বলেন, ‘নতুন গল্প, নতুন চরিত্র। সহশিল্পীরাও সব অসাধারণ। বছরখানেক ধরে গল্পটি নিয়ে আলোচনা চলছিল। যদিও পরিচালকের প্রথম সিনেমা, কিন্তু নির্মাণে তিনি বেশ অভিজ্ঞ। আশা করছি, নতুন কিছুই মানুষ দেখতে পাবেন।’
অন্যদিকে তমা মির্জা সম্প্রতি শেষ করেছেন ‘খলনায়ক’ সিনেমার শুটিং। ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন সিনেমা ‘মস্তান’ মুক্তির সম্ভাব্য সময় আগামী ঈদুল আজহা।
তমা বলেন, ‘বেশ কিছুদিন ধরে আলাপ চলছিল, গল্প শুনে মনে হয়েছে—আমার চরিত্রটায় নতুন কিছু করার আছে, তাই কাজটি করছি।’
২০১০ সালেও একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন গোলাম হায়দার কিসলু। কিন্তু নানা কারণে তখন আর তা হয়ে ওঠেনি। এরপর নিজেকে প্রস্তুত করেছেন, পছন্দের গল্প ও সময়ের অপেক্ষা করেছেন। কিসলু বলেন, ‘আমি এখন প্রস্তুত।’

