চলচ্চিত্রের ১৯টি সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। সংগঠনগুলোর আহ্বায়ক কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্বে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
হেলাল খানের বিরুদ্ধে শিল্পীদের গালিগালাজ, মারধরের হুমকি এবং শিল্পী সমিতি ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন এই অভিনেতা।
জয় চৌধুরী বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বার্তায় তিনি বলেন, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালিগালাজ করেন।’
জয়ের অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের ‘বাস্টার্ড’ বলে গালিগালাজ করেছেন। এমনকি তার সামনেই সহযোগী হিসেবে থাকা কয়েকজন বহিরাগত শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সব সদস্যকে এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এর আগে রোববার বিকেলে এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্রাঙ্গনে উত্তেজনা তৈরি হয়। এ সময় হেলাল খান তাকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য দেখা যায়।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রোববার বিকেলে এফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে।
তবে এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয়ের সঙ্গে কথা বলেন হেলাল খান। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। জয় বিষয়টি বোঝানোর চেষ্টা করলে হেলাল আরও ক্ষুব্ধ হন।
শিল্পী সমিতির সামনে কয়েকজনকে বসে থাকতে দেখে তাদের উদ্দেশ্যেও ক্ষোভ প্রকাশ করেন হেলাল খান। এ সময় তিনি বলেন, ‘যারা বসে আছে ফ্যাসিস্ট। জয়কে বলেন, ‘চুপ, একদম চুপ, তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে’।’
এই ঘটনার পরই ১৯ সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জয় চৌধুরী। তবে তার পদত্যাগের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর আনুষ্ঠানিক অবস্থান জানা যায়নি।

