আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরার লড়াইয়ে নেমেছেন সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জিতে এবার দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বিশ্বের অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতায়। এরই মধ্যে শুরু হয়েছে মিস ইউনিভার্সের অফিশিয়াল ফ্যান ভোটিং। আর সেই ভোটে বাংলাদেশকে এগিয়ে নিতে দেশবাসীর সমর্থন চেয়েছেন মাহি।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভোটের জন্য আহ্বান জানান তিনি। সেখানে মাহি লেখেন, ‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে! মিস ইউনিভার্সের ফ্যান ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে! আসুন, আমরা সবাই একসঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়াই এবং আমাদের পূর্ণ সমর্থন জানাই।’
ভক্ত ও দেশবাসীকে ভোট দেওয়ার নিয়মও জানিয়ে দিয়েছেন মাহি। এ জন্য অ্যাপল অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ‘এমইউ ফ্যান’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপের ভোট অপশনে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে ভোট দেওয়া যাবে।
গত ৭ নভেম্বর রাতে রাজধানীর এক আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এই খেতাব জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।
আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহি। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এখন ফ্যান ভোটিংয়ে দেশবাসীর অংশগ্রহণ কতটা সাড়া ফেলে, সেটিই দেখার বিষয়।
এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন। তবে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিরা এখনো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি। এবার মাহিকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

