আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর প্রথমবারের মতো সাধারণ ধর্মঘট পালন করেছে স্পেনের শ্রমিক সংগঠনগুলো। বুধবারের (১২ নভেম্বর) এ ধর্মঘটে দেশজুড়ে কয়েক লাখ মানুষ অংশ নেন।
রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনায় বড় বিক্ষোভ হয়েছে। তবে বার্সেলোনায় বিক্ষোভকারীদের কয়েকটি দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় মুখোশধারীরা রাস্তায় ময়লার পাত্রে আগুন ধরিয়ে দেন, দোকানের জানালা ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার এবং বার্সেলোনায় ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। ধর্মঘটের কারণে স্পেনজুড়ে পরিবহন ও অন্যান্য সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। আগামী ২৯ নভেম্বর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। এর আগে সাধারণ ধর্মঘটে মানুষের ব্যাপক অংশগ্রহণকে সরকারের প্রতি জনঅসন্তোষের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
দেশটির বড় শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেজ ধর্মঘটকে সফল বলে অভিহিত করেছেন। তার ভাষায়, এতে ‘ব্যাপক’ মানুষের অংশগ্রহণ ছিল। আরেক শ্রমিক সংগঠন সিসি ওওর নেতা উনাই সোরদো বলেছেন, ধর্মঘটে অংশগ্রহণ ছিল ‘খুবই উল্লেখযোগ্য’।
বুধবার সন্ধ্যায় বার্সেলোনার কেন্দ্রীয় এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। হেলমেট ও দাঙ্গা নিয়ন্ত্রণের ঢাল নিয়ে দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা। শহরের বিখ্যাত প্লাসা দে কাতালুনিয়ার কাছের পাসেই দে গ্রাসিয়া এলাকায় কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। রাস্তায় ময়লার পাত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একদল বিক্ষোভকারী পুলিশের দিকে আতশবাজি ছোড়েন ও লেগোসহ কয়েকটি দোকানে লুটপাট চালান। অ্যাপল স্টোরে ঢোকার চেষ্টাও করেন কয়েকজন।
তবে বিক্ষোভে অংশ নেওয়া এক নারী বিবিসিকে বলেছেন, কর্মসূচির বেশিরভাগ সময়ই ছিল শান্তিপূর্ণ ও আনন্দমুখর। আবাসন ব্যয়ের প্রতিবাদে তিনি বিক্ষোভে যোগ দিয়েছিলেন। তার ভাষ্য, সেখানে অনেক শিশু ও বয়স্ক মানুষও ছিলেন। সন্ধ্যায় লাস রামব্লাস এলাকায় গিয়ে তিনি রাস্তায় আগুন জ্বলতে দেখেন। তিনি বলেন, চারদিকে আগুন জ্বলছিল। পরিস্থিতি ছিল খুবই তীব্র।
এর আগে দিনের বেলায় মাদ্রিদ ও বার্সেলোনার বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ঘটনায় কয়েক ডজন মানুষকে গ্রেফতার করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আবাসনসংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়েও হামলা হয়েছে।
মাদ্রিদে বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা পুরো শহর অচল করে দিয়েছি। বৃষ্টি উপেক্ষা করেও সাধারণ ধর্মঘটের প্রতি মানুষের ব্যাপক সমর্থন রয়েছে বলে দাবি করেন তিনি। ৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা দোমিঙ্গো বলেন, আবাসন পরিস্থিতি অসহনীয়। বেতনের তুলনায় জীবনযাত্রার বর্তমান ব্যয় কোনোভাবেই বহনযোগ্য নয়।
বৃদ্ধার উচ্ছেদ ঘিরে ক্ষোভের সূত্রপাত
সাশ্রয়ী আবাসনের সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয় দেশটির প্রধান শ্রমিক সংগঠনগুলো। মাদ্রিদে যে ফ্ল্যাটে টানা সাত দশক বসবাস করেছিলেন ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল, সেখান থেকে তাকে উচ্ছেদ করার পর ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে মারা যান তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে মাদ্রিদে বাড়িভাড়া বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, গত অক্টোবরে রাজধানী মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি ফ্ল্যাটের গড় মাসিক ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। ডলারে এর পরিমাণ প্রায় ১ হাজার ৩০০ এবং ব্রিটিশ মুদ্রায় ১ হাজার পাউন্ড। অন্যদিকে, স্পেনে গড় মাসিক মোট বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো।
অর্থাৎ, একটি ফ্ল্যাটের ভাড়া দিতে গড় মোট বেতনের প্রায় অর্ধেক খরচ করতে হচ্ছে। আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণত আয়ের ৩০ শতাংশের মধ্যে বাড়িভাড়া রাখার পরামর্শ দিয়ে থাকে। বর্তমান পরিস্থিতি সেই সীমার চেয়ে অনেক বেশি।
আবাসন সংস্কার নিয়ে পার্লামেন্টে নিজের পরিকল্পনা অনুমোদন করাতে ব্যর্থ হওয়ার পর গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
২০১২ সালে রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের সরকারের সময় সর্বশেষ সাধারণ ধর্মঘট হয়েছিল স্পেনে। অতীতে এ ধরনের ধর্মঘট ক্ষমতাসীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করলেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। প্রধানমন্ত্রী সানচেজ ও তার মন্ত্রীরা বরং শ্রমিকদের কাজ বন্ধ রেখে সাশ্রয়ী আবাসনের দাবিতে আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করেছেন।
আগের ধর্মঘটগুলোতে শ্রমিকদের অর্জনের কথা স্মরণ করিয়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সানচেজ লিখেছেন, আপনাদের আট ঘণ্টার কর্মদিবস, পেনশন, সরকারি স্বাস্থ্যসেবা- এসবই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে অর্জিত অধিকার।
ধর্মঘট নিয়ে রাজনৈতিক বিতর্ক
অন্যদিকে, রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) অভিযোগ করেছে, নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে সরকার ধর্মঘটকে ব্যবহার করছে। দলটির নেতা আলবার্তো নুনিয়েস ফেইহো সাধারণ ধর্মঘটকে ‘অর্থহীন’ বলে আখ্যা দিয়েছেন। শ্রমিক সংগঠনগুলোকে ‘মাফিয়া’ ও ‘আবর্জনা’ বলেও মন্তব্য করেছেন তিনি।
জনমত জরিপে এগিয়ে থাকা পিপি আগামী ২৯ নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার আশা করছে। দলটির মুখপাত্র মিগেল তেয়াদো অভিযোগ করেছেন, ডানপন্থি সরকার গঠনের সম্ভাবনার বিরুদ্ধে ভোটারদের সতর্ক করতে সরকার ধর্মঘটকে কাজে লাগাচ্ছে। তার মতে, আসন্ন নির্বাচনে ডানপন্থিদের সরকার গঠনের সম্ভাবনাই বেশি।
তবে সানচেজ এ সমালোচনার জবাবে বলেছেন, অর্থহীন বিষয় হলো শ্রমিকদের ধর্মঘট করার অধিকার নিয়ে প্রশ্ন তোলা।
ধর্মঘটে অংশ নেওয়া ২৭ বছর বয়সী গনসালো আলভারেজকে মাদ্রিদের কেন্দ্রীয় এলাকার বিভিন্ন পিকেটিং কর্মসূচিতে দেখা গেছে। তিনি বিক্রয়কর্মী হিসেবে কাজ করলেও ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় কাজ করা একটি আবাসন ইউনিয়নের স্বেচ্ছাসেবক। সংগঠনটি ভাড়াটিয়াদের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের সুরক্ষায় কাজ করে।
বিবিসিকে আলভারেজ বলেন, সেপ্টেম্বরের শেষ দিকে মারিকারমেন আবাসকালকে উচ্ছেদের ঘটনাই ছিল এই আন্দোলনের ‘স্ফুলিঙ্গ’। ৮৭ বছর বয়সী ওই নারীকে তিনি চিনতেন। নতুন বাড়িওয়ালারা তার ভাড়া তিন গুণ বাড়িয়ে দিয়েছিলেন। বৃদ্ধার সঙ্গে করা আচরণে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন বলেও জানান।
আলভারেজ মাদ্রিদের দক্ষিণাঞ্চলের আর্গানজুয়েলা এলাকায় প্রেমিকার সঙ্গে ছোট একটি এক শয়নকক্ষের ফ্ল্যাটে ভাড়া থাকেন। তার প্রেমিকা একজন ডেন্টাল হাইজিনিস্ট। দুজন মিলে মাসে ১ হাজার ইউরো ভাড়া দেন। অর্থাৎ অন্যান্য বিল পরিশোধের আগেই তাদের প্রত্যেকের বেতনের প্রায় অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়।
আলভারেজ বলেন, ‘এটা একেবারেই পাগলাটে পরিস্থিতি। খাবার, বিদ্যুৎ, পানি ও গ্যাস—সবকিছুর খরচই বাড়ছে।’
নিজেদের বাড়ি কেনার কোনো সম্ভাবনাও দেখছেন না তিনি। তার কথায়, ‘একটি বাড়ি কেনার জন্য অবিশ্বাস্য পরিমাণ অর্থ জমাতে হয়। এই বেতনে তা অসম্ভব।’ বর্তমান বাড়িভাড়া ও সম্পত্তির দামের কথা বিবেচনা করে কোথাও বাড়ি কেনাকে তার কাছে ‘পুরোপুরি অসম্ভব’ মনে হয়।
তবে স্পেনের সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠন সিইওইর সহসভাপতি মিগেল গারিদো ধর্মঘটের সমালোচনা করেছেন। তার দাবি, আবাসন ব্যয় বৃদ্ধির জন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর তেমন কোনো দায় নেই। তিনি বলেন, ‘এটি শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কারণে ডাকা ধর্মঘট নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আগাম নির্বাচনের ঘোষণার সঙ্গেও এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।’
দিনের পরের দিকে স্পেনের বড় কয়েকটি শহরে আরও বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা ছিল। নির্বাচনের আগে সাধারণ মানুষের অসন্তোষের মাত্রা বোঝার একটি সূচক হিসেবে ধর্মঘটে অংশগ্রহণের ব্যাপ্তিকে দেখা হচ্ছে।
ধর্মঘটের প্রতি মানুষের সমর্থন বোঝার আরেকটি নির্ভরযোগ্য সূচক হলো দেশটির শিল্প খাতে বিদ্যুতের চাহিদা। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রেড ইলেকট্রিকার তথ্য অনুযায়ী, বুধবার ভোরের দিকে স্পেনে বিদ্যুতের ব্যবহার ৭ দশমিক ৫ শতাংশ কমে যায়। ১৪ বছর আগে সর্বশেষ সাধারণ ধর্মঘটের সময় একই সময়ে বিদ্যুতের ব্যবহার কমেছিল ১৫ শতাংশেরও বেশি।
সূত্র: বিবিসি

