ক্লাব ফুটবলের সপ্তাহান্তের ব্যস্ততা শেষে আর্জেন্টিনার জাতীয় দলের খেলোড়রা দেশে ফিরেছেন। উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে শুরু করে দিয়েছেন লিওনেল স্কালোনির অধীনে অনুশীলন।
গত সোমবার সকালে কয়েকজন দেশে ফেরার পর বাকিরা সন্ধ্যায় পৌঁছান। তাদের স্বাগত জানান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।
লিওনলে আন্দ্রেস মেসি ট্রেনিং সেন্টারে খেলোয়াড়দের স্বাগত জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ক্লদিও তাপিয়া। শুরুতে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের সঙ্গে হাস্যরসাত্মক কথাবার্তায় মেতে ওঠেন তিনি। পরে সন্ধ্যায় দলের বাকি খেলোয়াড়দেরও স্বাগত জানান। পোস্টে তাপিয়া লেখেন, ‘স্কালোনেতাকে স্বাগত জানাচ্ছি।’
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রুদ্ধদ্বার অনুশীলনের মধ্য দিয়ে স্কালোনির অধীনে প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। বুধবার বিকেল ৫টায় অনুশীলন করবে দল। সেদিন প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবারও বিকেলে অনুশীলন হবে। এরপর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন প্রধান কোচ স্কালোনি।
অক্টোবরে টানা তিনটি ম্যাচে বড় জয় পেয়েছিল আর্জেন্টিনা। বলিভিয়াকে ৪-০, বুরকিনা ফাসোকে ৭-০ এবং বেনিনকে ৩-০ গোলে হারিয়েছিল দলটি। বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল লিওনেল মেসির বিদায়ী ম্যাচ।
শুক্রবার বুয়েনস এইরেসের লা বোমবোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর কর্দোবায় যাবে দলটি। সেখানে আগামী মঙ্গলবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে তারা। ম্যাচটির সময় এখনো চূড়ান্ত হয়নি।

