ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে আবার নির্বাচন এড়াতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠনের তাগিদ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের নতুন সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। গত ২৭ অক্টোবর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
তবে, ওই নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী দলগুলোর জোট কোনোটিই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে, দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। এ জন্য তাকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।
তবে, সরকার গঠন করতে হলে পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে অন্তত ৬১টির সমর্থন প্রয়োজন। এখন পর্যন্ত সেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেননি আইজেনকট। ফলে, সরকার গঠনে তাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে।
হারজগ রাজনৈতিক দলগুলোর নেতাদের পারস্পরিক ছাড় দিয়ে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তার মতে, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন।
একই সঙ্গে, আবার নির্বাচন এড়াতে সব ধরনের চেষ্টা করার কথা বলেছেন তিনি। অন্যদিকে, বিরোধী নেতা আইজেনকট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে চান তিনি।
পার্লামেন্টের অধিবেশনে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। হারজগ বলেছেন, ওই হামলার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং কোনো বিষয়ই তদন্তের বাইরে রাখা যাবে না।
আইজেনকট ও তার মিত্ররাও দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে চান। তবে, নেতানিয়াহু এর আগে ইসরায়েলের সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া তদন্ত কমিশনের বিরোধিতা করেছিলেন।
এদিকে, ইরানের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন হারজগ। পাশাপাশি মিসর, জর্ডান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে শান্তিচুক্তি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।
নেতানিয়াহু ও তার জোট নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে আসছেন।
তবে, ফলাফল আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে এবং ব্যাপক অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাকচ করেছে। আইজেনকট কিংবা নেতানিয়াহু কেউই সরকার গঠনে ব্যর্থ হলে ইসরায়েলে আবার নির্বাচন হতে পারে।
সূত্র: আল-জাজিরা

