তরুণ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ হতে যাচ্ছে। পঞ্চম সিজনের শেষ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে দীর্ঘদিনের দর্শকপ্রিয় এই ধারাবাহিকটির। এমন খবরে আবেগঘন অনুভূতির কথা জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
তার কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ কেবল একটি ধারাবাহিক নয়, বরং জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই এর সমাপ্তির সময় যত ঘনিয়ে আসছে, ততই বিষণ্ন হয়ে উঠছেন তিনি।
দর্শকদের ভালোবাসায় একের পর এক সিজন পেরিয়ে বর্তমানে প্রচারিত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম সিজন। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সিজনের ১৬তম চ্যাপ্টার। এর মধ্যেই ধারাবাহিকটির সমাপ্তির খবর জানালেন নির্মাতা অমি।
নিজের অনুভূতি প্রকাশ করে এক আবেগঘন বার্তায় তিনি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই শেষ হয়ে যাবে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।’
অমির এই বক্তব্যেই স্পষ্ট, দীর্ঘদিনের এই কাজের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে আছে তার আবেগ। জানা গেছে, সোমবার ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শেষ দিনের শুটিং হচ্ছে। এরপরই ক্যামেরা ক্লোজ হবে জনপ্রিয় এই ধারাবাহিকটির। তবে শেষ চ্যাপ্টার কবে দর্শকদের সামনে আসবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানাননি নির্মাতা।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’র প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

