নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭.৬৫ বোরের পিস্তল ও দুটি মোবাইল ফোন উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), শফিকুর রহমান রনি (৩৫) এবং লিটন ওরফে পাইলট লিটন (৪৫)। তাঁদের মধ্যে জসিমের বাড়ি টাঙ্গাইল সদর এলাকায়, রনি ফতুল্লার উত্তর হাজীগঞ্জের বাসিন্দা এবং লিটনের বাড়ি পটুয়াখালী সদর এলাকায়। তাঁরা বর্তমানে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় চলমান অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল এ অভিযান চালায়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের ‘ক’ জোনের সদস্যরা অভিযানে অংশ নেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক কারবারে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের ভাষ্য, জসিম মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র সংগ্রহ করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। মেহেরপুর থেকে অস্ত্র নিয়ে বিক্রির উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর এলাকায় অবস্থানকালে তিনজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও মোবাইল ফোন মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

