নারায়ণগঞ্জের বন্দরে নিজ বসতঘর থেকে শওকত ইসলাম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার এনায়েতনগর এলাকার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শওকত দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শওকত ওই এলাকার মৃত আব্দুল হামিদ ও শিরিনা বেগম দম্পতির ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মানসিক সমস্যার কারণে শওকতের স্ত্রী আরিফা (২৫) তাঁদের তিন কন্যাসন্তানকে নিয়ে একই এলাকার বাবার বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে স্ত্রীর বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়ার কথা বলে বের হন শওকত। পরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে বন্দর থানার কিলো-৪ ডিউটির ইনচার্জ এসআই সাব্বির আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং থানায় নিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

