পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কোনো ধরনের নাশকতা, ভাঙচুর কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতারা। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য মাঠে থাকার কথা জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় আবুল কালাম বলেন, গত কয়েক দিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার নানা চেষ্টা চলছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে পরাজিত শক্তি ও গুপ্তচক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, শ্রমিকরা খেটে খাওয়া মানুষ। তাঁদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব। তবে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে যারা বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়।
আবুল কালাম আরও বলেন, শ্রমিকদের মজুরি সংক্রান্ত সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। তাঁরা আশা করছেন, দ্রুত এ সমস্যার সমাধান হবে। জনপ্রতিনিধি হিসেবে সোমবার থেকেই তাঁরা পরিস্থিতির ওপর নজর রাখছেন। কোনো পক্ষ যাতে পোশাক কারখানা, যানবাহন কিংবা সাধারণ মানুষের সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, তাঁদের অবস্থান কোনো মালিকপক্ষের হয়ে নয়। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাই তাঁদের উদ্দেশ্য।
তিনি অভিযোগ করেন, শ্রমিকের পরিচয়ে কিছু ব্যক্তি বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটাচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
এর আগে সোমবার (২ নভেম্বর) ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন। প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে বিকেল পাঁচটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনার পর শ্রমিক আন্দোলনকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। এর আগে আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তুলে সোমবার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।
মঙ্গলবারের অবস্থান কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ এবং বিএনপি নেতা মনির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

