নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার থানার পুলিশ ও নারায়ণগঞ্জের গ-সার্কেলের একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম সুমন।
গ্রেপ্তার মোহাম্মদ ওয়ালীউল্লাহর বয়স ৪১ বছর। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। তার বাবার নাম মো. আব্দুল্লাহ।
নারায়ণগঞ্জের গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ওয়ালীউল্লাহকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েক দিন ধরে পুলিশ চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, নজরুল ইসলাম বাবু এরশাদ সরকারের আমলে ছাত্রসমাজের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে ছাত্রলীগে যোগ দিয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত টানা চারবার আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপের দায়িত্ব দেওয়া হয়।

