রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় আজীবন সদস্যদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ।
নির্বাচনকে ঘিরে জাতীয় নির্বাচনের আদলে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ভোটে কে আসছেন নতুন নেতৃত্বে, তা নিয়ে সদস্যদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তরুণ প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানকে নিয়ে আলোচনা রয়েছে।
তরুণদের প্রতিনিধিত্ব এবং সংগঠনের মানবিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত করার প্রত্যাশা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন নিরব রায়হান। তাঁর মতে, রেড ক্রিসেন্টের মাঠপর্যায়ের মানবিক কার্যক্রমে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়েও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিরব রায়হান বলেন, “সর্বমহলে তারুণ্যের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া জরুরি। আমি বিশ্বাস করি, তরুণরাই আগামী এবং তরুণদের হাত ধরেই আগামীর একটি আকাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। রেড ক্রিসেন্টে যারা মাঠপর্যায়ে মানবিক কাজে অংশ নেন, তাঁদের অধিকাংশই তরুণ। আমি সেই তরুণদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের যাঁরা আজীবন সদস্য রয়েছেন, রেড ক্রিসেন্ট-সংক্রান্ত যেকোনো কর্মকাণ্ডে তাঁদের অংশীদারত্ব নিশ্চিত করতে চাই। বিগত সময়ে একটি অ্যাডহক কমিটিতে কাজ করার সুবাদে আমি লক্ষ্য করেছি, এখানে আজীবন সদস্যদের যথাযথ মূল্যায়ন করা হয় না বা তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা হয় না। আমি তাঁদের মূল্যায়ন ও অংশীদারত্ব নিশ্চিত করতে চাই।”
নির্বাচিত হলে ইউনিটের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং মানবিক কর্মকাণ্ড সম্প্রসারণে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন নিরব রায়হান। তিনি বলেন, “আমি ব্যাপকভাবে আশাবাদী- ইনশাআল্লাহ ভালো কিছু হবে।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নবী হোসেন। ফলে এ পদে আর ভোটের প্রয়োজন হচ্ছে না। বাকি পদগুলোর মধ্যে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন এবং পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে লড়ছেন আটজন প্রার্থী।
ভোটের নিয়ম অনুযায়ী, একজন ভোটার সেক্রেটারি পদে একজন এবং কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ পাঁচজন প্রার্থীকে ভোট দিতে পারবেন। সব মিলিয়ে এবারের নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রমে কতটা পরিবর্তন আসে, এখন সেটিই দেখার অপেক্ষা।

