টেস্ট খেলা কাকে বলে সেটাই যেন দেখাচ্ছিলেন ত্যাগনারায়ণ চন্দরপল। ধীরগতির ব্যাটিংয়ে বাংলাদেশকে বিরক্ত করে ফেলেছিলেন তিনি। মিরপুর টেস্টের তৃতীয় দিনেও প্রথম পৌনে এক ঘণ্টা অনায়াসে পার করে দেন চন্দরপল।
অবশেষে তার প্রতিরোধ ভেঙেছেন শরিফুল ইসলাম। এজ হয়ে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাচ হয়েছেন চন্দরপল। ৫৬ রানের ইনিংসে ১৮৪ বল খেলেন তিনি।
চন্দরপলের আউটে ভেঙেছে ৬৫ রানের জুটি। ১৬২ রানে ৫ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ক্যারিবীয়রা।
টেস্টের দ্বিতীয় দিনে পড়েছে ১১ উইকেট। বাংলাদেশের ৭টি, ওয়েস্ট ইন্ডিজের ৪। সবমিলিয়ে স্পিন ধরলে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে আজ।
একটা সময় ১ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ছিল ৯০ রান। জন ক্যাম্পবেলের হাফসেঞ্চুরিতে বেশ ভালো অবস্থানেই ছিল ক্যারিবীয়রা। সেখান থেকে ৭ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ঘূর্ণিতে হঠাৎ কোণঠাসা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
৯৭ রানে ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা। এরপর হাল ধরেন ত্যাগনারায়ণ চন্দরপল আর জাস্টিন গ্রেভস।
এর আগে সাদমান ইসলামের সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান একাই নেন ৫টি উইকেট।

