বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নাম ভাঙিয়ে একশ্রেণির সুবিধাবাদী ও সন্ত্রাসী চক্রের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুবদল নেতা মনিরুল ইসলাম সজল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্যায়, চাঁদাবাজি কিংবা বিএনপির নাম ভাঙিয়ে দলে পদ-পদবি পাওয়ার কোনো সুযোগ নেই।
সম্প্রতি সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে সজল বলেন, “আপনারা বিভিন্ন সময়ে এমন কিছু মানুষের সাক্ষাৎকার নেন, যারা নিজেদের যুবদল নেতা হিসেবে পরিচয় দেন। অথচ যুবদলের প্রাথমিক সদস্যপদও যাদের নেই, তারাও দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা দিয়ে নিজেদের নেতা দাবি করেন। এদের নিজেদেরই লজ্জা পাওয়া উচিত।”
সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “সামান্য আর্থিক সুবিধার বিনিময়ে এসব ভুঁইফোড় ও অখ্যাত ব্যক্তিকে যুবদলের লোক হিসেবে প্রতিষ্ঠিত করবেন না। এদের অনেকের অতীত ইতিহাস সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, যার প্রমাণ নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসনের তালিকাতেও রয়েছে।”
ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে তিনি আরও বলেন, “যুবদলের আগামী দিনের নেতৃত্বে আসতে হলে অবশ্যই তারেক রহমানের চিন্তা-চেতনা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বুঝতে হবে। সততা ও ন্যায়নীতির সঙ্গে আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত থাকা ব্যক্তিদেরই মূল্যায়ন করা হবে। অন্যায় কিংবা চাঁদাবাজির মাধ্যমে বিএনপির প্রভাব বিস্তার করে পদ অর্জনের কোনো সুযোগ আগামীতে থাকবে না।”
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জাতীয়তাবাদী যুবদল একটি আদর্শভিত্তিক সংগঠন। রাজপথে যাঁদের ঘাম, কষ্ট, ত্যাগ ও পরিশ্রমের ইতিহাস রয়েছে, তাঁরাই সংগঠনের নেতৃত্বে আসবেন। এর বাইরে কোনো সুবিধাবাদীর যুবদলের নেতৃত্বে আসার বিন্দুমাত্র সুযোগ নেই।

