নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মনি ওরফে মরনী (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও চারটি মামলা রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শহরের মোবারক শাহ রোডে মূসা হাজীর বাড়ির সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. রমজান হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মনির কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মনি মৃত হাসানের মেয়ে ও রোমানের স্ত্রী। তিনি শহরের ১ নম্বর বাবুরাইলের তাঁতিপাড়ায় খোকন সাহেবের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মনির বিরুদ্ধে আগে থেকেই মাদকসংক্রান্ত চারটি মামলা রয়েছে।

