নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও কিশোর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মামলায় হারেজ (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হারেজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুলহরি (দুর্গাপুর) এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহ আলমের বাড়িতে ভাড়া থাকতেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ জুলাই দিবাগত রাত পৌনে ১টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও ছেলে সোহাগকে (১৬) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন হারেজ। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
ঘটনার পর ফতুল্লা থানা পুলিশ হারেজকে আটক করে। পরে নিহত মনোয়ারা বেগমের মেয়ে বিথি (১৩) ও তাঁর বড় ভাই মজিবুর রহমান ওরফে মজিদ এ ঘটনায় অভিযোগ করেন। ওই বছরের ৯ জুলাই ফতুল্লা থানায় হত্যা মামলা করা হয়।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, মামলার বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত হারেজকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।

