কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি জানান, এসব সামাজিক অপরাধ নির্মূলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, “আইন প্রতিষ্ঠা করতে নাগরিকদেরও আইন মানতে হবে। নিজ নিজ এলাকার অপরাধীদের পুলিশ অপেক্ষা স্থানীয়রাই ভালো চেনেন। তাই সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ করছি।” গত ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “সে সময় পুলিশ সদস্যরা রাস্তায় কাজ করতে কিছুটা ভীত ছিলেন। তবে সেই সংকট কাটিয়ে পুলিশ এখন ঘুরে দাঁড়িয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের মনোবল, সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির কাজ জোরদার করা হয়েছে।”পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, দেশে বড় কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে। সবাইকে সচেতন থেকে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি সুন্দর ও সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

