নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিক্ষককে মারধরের ঘটনায় বিদ্যালয়ের সাবেক এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছয় শিক্ষার্থীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) কাঞ্চন ভারতচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন। গ্রেপ্তার সিয়াম আহমেদ (২২) ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। হামলার শিকার শিক্ষক কাওছার আহমেদের (৩৫) অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সামনের বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই ছাত্রীর মধ্যে বিরোধ বাধে। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এ ঘটনায় এক ছাত্রীকে শাসন করেন শিক্ষক কাওছার আহমেদ।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার জের ধরে গত রোববার (১৮ অক্টোবর) কাঞ্চন বাজারে শিক্ষক কাওছার আহমেদের পথরোধ করেন বিদ্যালয়ের কয়েকজন বর্তমান ও সাবেক ছাত্র। তারা সংশ্লিষ্ট ছাত্রীর পক্ষ নিয়ে শিক্ষকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন।
শিক্ষকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে।
এদিকে, শিক্ষকের ওপর হামলার ঘটনায় করা মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। সোমবার কাঞ্চন এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি সিয়াম আহমেদকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিয়াম আহমেদকে গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

