নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের দলীয় পদ স্থগিতের ঘটনায় নারায়ণগঞ্জের আইনজীবী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলীয় সিদ্ধান্তকে ঘিরে একদিকে যেমন আলোচনা চলছে, অন্যদিকে আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বিরোধের ঘটনায় বিএনপির সাংগঠনিক পদ স্থগিতের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।
বিএনপির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ঘটনাটি মূলত আইনজীবীদের অভ্যন্তরীণ বিষয়। এ ধরনের বিরোধ নিষ্পত্তিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আইনজীবী সমিতির ঘটনাকে কেন্দ্র করে বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের দলীয় পদ স্থগিত করার সিদ্ধান্ত কতটা যৌক্তিক, তা নিয়ে দলের ভেতরে আলোচনা প্রয়োজন বলে মনে করেন তারা।
নেতাদের ভাষ্য, আইনজীবী সমিতির বিরোধ আর মহানগর বিএনপির কোনো সাংগঠনিক কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি দুটি বিষয় এক নয়। মহানগর বিএনপির কোনো অনুষ্ঠান বা কর্মসূচিতে এ ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। তাদের মতে, সংশ্লিষ্টদের বক্তব্য শোনা এবং ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলে এ নিয়ে তৈরি হওয়া বিতর্ক কমতে পারে।
গত ৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী মহলে উত্তেজনা ও পাল্টাপাল্টি বক্তব্যের সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় আনোয়ার প্রধান ও রিফাতকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তাদের দলীয় পদ স্থগিতের সিদ্ধান্ত সামনে আসার পর বিষয়টি আইনজীবী সমিতির বিরোধের গণ্ডি ছাড়িয়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, পদ স্থগিতের সিদ্ধান্তে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া এবং দলের ভেতরে এ নিয়ে তৈরি হওয়া আলোচনা পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। বিশেষ করে আইনজীবী সমিতির বিরোধের জেরে বিএনপির বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক পদে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলীয় শৃঙ্খলা রক্ষায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া একটি দলের অভ্যন্তরীণ বিষয়। তবে সেই ব্যবস্থার ক্ষেত্রে অভিযোগের ধরন, ঘটনার প্রেক্ষাপট এবং সংশ্লিষ্টদের বক্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিতের ঘটনায় বিএনপির অভ্যন্তরে যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা নিরসনে দলীয় সিদ্ধান্তের ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

