ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা বিচার বিভাগ। শনিবার (১০ অক্টোবর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দিনের নেতৃত্বে এ অভিযানে বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা অংশ নেন।
অভিযান চলাকালে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, মশার সম্ভাব্য প্রজননস্থল এবং পরিত্যক্ত আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ প্রতিপাদ্যে বিতরণ করা লিফলেটে বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও নির্মাণাধীন ভবনে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া মশার কামড় থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকেরা জানান, সরকারি নির্দেশনার আলোকে আদালত প্রাঙ্গণ মশামুক্ত রাখা এবং কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু এক দিনের অভিযান যথেষ্ট নয়। মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ রোগের বিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

