নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। এ জন্য নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সম্প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এ সময় সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
আলোচনাকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দেন। পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নে সংস্থাটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে বেশি বেশি টুর্নামেন্টের আয়োজন করতে হবে। অর্থের অভাবে অনেক প্রতিভাবান খেলোয়াড় হারিয়ে যাচ্ছে। তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে, যাতে তারা আবারও খেলার মাঠে ফিরতে পারে। এ ক্ষেত্রে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরিতে অভিজ্ঞ এবং জাতীয় পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্বদের পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের দিকনির্দেশনা নিয়ে নারায়ণগঞ্জের তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে কাজ করার সুযোগ তৈরি হবে।

